রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

বরিশাল জানাল ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করল বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ রাঙিয়ে নিলো জয়ের রঙে। পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বিতা গড়ার সুযোগই দিলো না দেশের যুবারা। বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল উপহার দিলেন রোনান সুলিভান। তার দারুণ নৈপুণ্যে ২-০ গোলে জিতে সাফে নিজেদের মিশন শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধ কেটে যায় গোল শূন্য সমতায়।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভানকে। সবার নজর ছিল বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাইয়ের ওপর। ম্যাচের শুরুতে ডেকলাইন জায়গা না পেলেও একাদশে ছিলেন রোনান। আর সুযোগ পেয়ে মাঠে নেমেই দেখান নিজের পায়ের ফুটবল জাদু।

দ্বিতীয়ার্ধে বেশ চাঙ্গা হয়ে নামে বাংলাদেশ। তারই ধারাবাহিকতা দেখা যায় আক্রমণভাগে। বারবার বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন রোনান সুলিভানরা। ফল এসে ধরা দেয় ৫৩ মিনিটে। ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির ফ্রি-কিকে জাল কাঁপিয়ে দেন মেজর লিগ সকারে খেলা রোনান সুলিভান। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করে সমর্থকদের উল্লাসে ভাসান এ তরুণ।

এক গোল করেই ক্ষান্ত হননি রোনান। ম্যাচের ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন। গোল ব্যবধান নিয়ে যান ২-০ তে। বাঁ প্রান্ত থেকে সতীর্থের আড়াআড়ি শট থেকে উড়ে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান সুলিভান। পরে আরও কোনো গোল হয়নি। ফলে ২-০ গোলের লিড নিয়েই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top