আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবির দুঃখ প্রকাশ

ক্রীড়া ডেস্ক

৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোড়ন তুলেছিলেন আসিফ আকবর। বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিসিবি পরিচালকের ফুটবল নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিলেন। চার দিন পর গতকাল বিসিবি বাফুফের সেই চিঠির উত্তর দিয়েছে।

বাফুফে বিসিবি সভাপতির চিঠি পেয়েছে। ফুটবল ফেডারেশনের প্রধান তাবিথকে পাঠানো আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের সেই বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসিফ বিসিবি পরিচালক হলেও সেখানে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছে। এ নিয়ে চিঠির ভাষ্য, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।’

আসিফের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, এটা বিসিবির অবস্থান বা বক্তব্য নয়। এই বিষয়টি স্পষ্ট করে চিঠিতে বিসিবি সভাপতি লিখেছেন, ‘কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।’

আসিফ ফুটবলারদের সরাসরি খারাপ বলায় ফুটবলাঙ্গন ব্যথিত ও তীব্র নিন্দা জানিয়েছে। আসিফকে সেই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ফুটবলাররা। এখনো তিনি ক্ষমা চাননি। তবে বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

বিসিবি সভাপতি উক্ত ঘটনায় বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেও আসিফ সেদিকে হাঁটেননি। তাই আজ সন্ধ্যায় সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবে এ নিয়ে সভা রয়েছে। সেখানে কঠোর ঘোষণা আসতে পারে আসিফের বিরুদ্ধে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top