বরিশাল জার্নাল ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারের তথ্য পাওয়া গেছে। হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের নিজের নামেই রয়েছে ৫০২ ভরি গয়না, যার বর্তমান বাজারদর অনুযায়ী মূল্য দাঁড়ায় সাড়ে ১২ কোটি টাকার কাছাকাছি।
স্বর্ণের সর্বশেষ বাজারদর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। সেই হিসাবে নিপুণ রায়ের ৫০২ ভরি গয়নার আর্থিক মূল্য ১২ কোটি টাকার বেশি। এ ছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে থাকা ১০০ ভরি গয়নার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৭০০ টাকা। ফলে ৬০২ ভরি স্বর্ণের বর্তমান বাজারদর দাঁড়ায় ১৪ কোটি ৮৬ লাখ টাকার মতো।
তবে হলফনামায় এসব স্বর্ণালংকরের নির্দিষ্ট কোনো আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, এসব গয়নার অর্জনকালীন মূল্য নিপুণ রায়ের কাছে অজানা এবং এর বড় অংশই তিনি উপহার হিসেবে পেয়েছেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমান সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
হলফনামার অন্যান্য তথ্য অনুযায়ী, পেশা থেকে নিপুণ রায়ের বার্ষিক আয় ২৬ লাখ টাকা। এ ছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা আয় করেন।
এ ছাড়া নিপুণ রায়ের নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের দুটি গাড়ি রয়েছে। সব মিলিয়ে তার নিজের নামে থাকা বর্তমান সম্পদের মোট মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। তার স্বামীর নামে রয়েছে ৩ কোটি ৫০ লাখ টাকার বেশি মূল্যের অস্থাবর সম্পদ।
নিপুণ রায় স্থাবর সম্পদের মধ্যে ৮৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাটের মালিক। তবে হলফনামায় এর অবস্থান উল্লেখ নেই।
তার নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে। দম্পতি হিসেবে তাদের কাছে নগদ রয়েছে মোট ৭৬ লাখ টাকা, যার মধ্যে নিপুণ রায়ের নিজের কাছে রয়েছে ১৩ লাখ ২৯ হাজার টাকা। এশিয়া পোস্ট




