লাল জুলাইয়ে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ ‘জুলাই এক বিদ্রোহ’

 

সাহিত্য ডেস্ক : পালংকি সাহিত্য পরিষদ সম্পাদিত ‘জুলাই এক বিদ্রোহ’ ছড়া-কবিতা সংকলন। সংকলনটি প্রকাশ করেছে ইচ্ছাশক্তি প্রকাশনী, আর প্রচ্ছদ করেছেন ইচ্ছাশক্তি গ্রাফিক্স টিম। বইটিতে স্থান পেয়েছে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ও প্রবীণ কবিদের লেখা, যেখানে সাহস, ন্যায়বিচার, অধিকার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।

সম্পাদক এম মহি উদ্দিন বলেন, ‘৩৬শে জুলাই ২০২৪, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার রোষে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল, তা অগ্ন্যুত্পাতের মতো ফেটে পড়েছিল এই মাসে। শহীদ হয়েছিলেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং আরও অনেক নাম-না-জানা যোদ্ধা। যারা গুলি, লাঠিচার্জ বা ধরপাকড়ের ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন মানুষের অধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে। এই সংকলন তাদের উদ্দেশে রচিত এক সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি। এতে রয়েছে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাহসী জনতার প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত-ন্যায়বান সমাজ গঠনের আকাঙ্ক্ষা।

সম্পাদক জানান, গ্রন্থটি পাঠকের মধ্যে ইতিহাসচেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলবে, তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিবাদী মানসিকতা তৈরি করবে, সাধারণ মানুষের মধ্যে ন্যায়ের পক্ষে সাহসী অবস্থান নেওয়ার প্রেরণা জোগাবে। এছাড়াও, এটি তরুণ লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে এবং শিক্ষার্থীদের পাঠ্যভাষায় কবিতাচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্পাদক মনে করেন, ‘জুলাই এক বিদ্রোহ’ একাধারে সময়ের দলিল ও কাব্যিক প্রতিবাদের ভাষা হয়ে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশের স্বনামধন্য কবি, সাহিত্যিক ও সম্পাদকদের অংশগ্রহণে বইটি দীপ্তি ছড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ইতোমধ্যেই বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে রকমারি.কম, পিবিএস, ওয়াফিলাইফ এবং ইচ্ছাশক্তি বুক শপে। প্রচ্ছদ মূল্য ৩১০ টাকা হলেও পাঠকরা এখন ৩০ শতাংশ ছাড়ে মাত্র ২১৭ টাকায় প্রি অর্ডার করতে পারবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top