বরিশাল জার্নাল ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান সাবেক এ মেয়র। এর মধ্যে বিভিন্ন সময় তার গ্রেফতার ও দেশ ছাড়ার গুজব ছড়িয়ে পড়ে। এর মধ্যেই বুধবার সাবেক এ মেয়রের গ্রেফতারের খবর এলো।
আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।




