এটিএম আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

বরিশাল জার্নাল ডেস্ক :  বিতর্কীত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিব মোমেন।

বৃহস্পতিবার অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২৩ তারিখ এটিএম আজহারের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

২০১৯ সালের ২৩ অক্টোবর বিতর্কীত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top