বরিশাল জার্নাল ডেস্ক
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি।
সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন। এর পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন মাসুদ উদ্দিন চোধুরী। তার পরের দিন হন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য।
এক-এগারোর সময়ের আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই কমিটির অধীনে সে সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়। এশিয়া পোস্ট




