প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন অনুসরণ করে সার্চ কমিটি গঠন করবে সরকার। এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের ‘নির্দলীয় ও নিরপেক্ষ’ দৃষ্টিভঙ্গি বজায় থাকবে।
শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাহফুজ এ মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটস পার্টি ও গণফোরামসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থনকারী ১৪ দলের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে।




