নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। মসজিদ, মন্দির, গির্জা, মঠ- কোন কিছুই পাহারা দেয়ার দরকার হবে না। বরিশালের নথুল্লাবাদে রবিবার রাতে পথসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিরে জামায়াত বলেন, বিগত আওয়ামী দুঃশাসনে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। দফায় দফায় দেশপ্রেমিক মানুষ আর আলেম-ওলামাদের গ্রেফতার করা হয়েছিল। বৃদ্ধ আলেমদের পায়ে বেড়ি পরাতে তারা দ্বিধা করেনি। আওয়ামী জুলুমের সময় বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। নির্বাচন কমিশনকে গোলাম বানানো হয়েছিল। যা তারা বলতেন নির্বাচন কমিশন তাই করতো।
গণঅভ্যুত্থানে শহিদদের প্রসঙ্গে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছে তারা কোন দলের সম্পদ হতে পারে না। তারা সব দলের সব মানুষের। আমরা কাউকে আমাদের দলের বলে চিহ্নিত করতে চাই না। তারা সবাই দেশের সম্পদ।
দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায় বিচার চাইতে হলে তার জন্য প্রস্তুত হতে হবে। ন্যায় বিচার কারো ঘরে আসে না। এটা অধিকার এবং তা আদায় করে নিতে হবে। এই সমাজ গড়তে হলে সবার দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।
জামায়াতে ইসলামীর রাষ্ট্রচিন্তা সম্পর্কে দলটির আমির বলেন, একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য অধিকার পাবে। আমরা আপনাদের অঙ্গীকার না করে অতীতের কথা স্মরণ করিয়ে দিতে চাই।
এ প্রসঙ্গে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর দুই জন মন্ত্রীর দুর্নীতিমুক্ত দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেন। জামায়াতের আমির বলেন, কথা দিচ্ছি ক্ষমতায় গেলে মালিক হবো না, সেবক হয়ে থাকবো। কারণ আমরা আল্লাহ তায়ালাকে ভয় করি। আমরা জনগনের সেবা করতে চাই। আল্লাহ যদি পছন্দ করেন আর জনগনের মনে যদি জামায়াতে ইসলামী সম্পর্কে আস্থা সৃষ্টি হয় তবেই সেবা করার সেই সুযোগ আমরা পাব।
অন্য ধর্মাবলম্বীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের ভাই-বোন। আমাদের ইজ্জতের যেমন দাম আছে তেমনি তাদের ইজ্জতেরও সমান মূল্য আছে। আমরা এমন বাংলাদেশ চাই- যেই বাংলাদেশে মসজিদ, মন্দির, গির্জা, মঠ- কোন কিছুই পাহারা দেয়ার দরকার হবে না। তিনি আরো বলেন, সমাজে কিছু হুতুম পেঁচা আছে যারা আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। সে সুযোগ আমরা তাদের দেব না।
চট্টগ্রামের ইসকন সমর্থকদের হত্যাকাণ্ড সম্পর্কে জামায়াত আমির বলেন, একজন আইনজীবীকে হত্যার পরও কোন মুসলমান প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েনি। এটিই আমাদের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা রক্ষা করবো যে কোন মূল্যে। জীবন যাবে; কিন্তু দেশের এক ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব না।
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মাদ বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। আরো উপস্থিত ছিলে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।




