চানখারপুলে গুলি, কনস্টেবল সুজন কারাগারে

বরিশাল জার্নাল ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এর আগে সকালে কনস্টেবল সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১ জানুয়ারি কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। অন্যদিকে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সেদিন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, শাহবাগ থানার মামলায় গ্রেফতারকৃত আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আজ আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। একইসাথে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ৫ আগস্ট বেলা ১১টায় চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top