এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

বরিশাল জার্নাল ডেস্ক

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় কমিশন আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে।

 

বুধবার (২২ এপ্রিল) এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

 

এর আগে, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমার শেষ সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেয় এনসিপি। তবে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা।

 

মনোনয়ন জমার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে ‘১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো’ উল্লেখ করা হয়েছে।

 

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নি কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, মনিরা শারমিন মনোনয়নপত্রের রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য— কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এর কোনো তথ্য দেননি। তাই তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top