হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন শর্ত

বরিশাল জার্নাল ডেস্ক

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন করে শর্ত দিয়েছে ইরান। এ বিষয়ে অবগত দুটি সূত্র এবং যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাবে কৌশলী অবস্থান নিয়েছে তেহরান। তারা যুদ্ধের সমাপ্তি ও অবরোধ প্রত্যাহারের দাবি জানালেও দীর্ঘদিনের অমীমাংসিত ‘পারমাণবিক আলোচনা’ আপাতত তুলে রাখার প্রস্তাব দিয়েছে।

 

এক্সিওস এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইরান এই প্রস্তাবটি সরাসরি না দিয়ে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত বন্ধের বিষয়টি আগে চূড়ান্ত করা হোক। আর পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য পরবর্তী কোনো একটি সময় নির্ধারণ করা হোক।

 

ইরানের দেওয়া নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি আমেরিকা হরমুজ নিয়ে সমঝোতা করে এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তবে তেহরানের ওপর থেকে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ অনেকটা কমে যাবে।

 

এ পরিস্থিতিতে ইরানকে তাদের ইউরেনিয়ামের বিশাল মজুত ত্যাগ করতে বাধ্য করার বা অন্তত ১০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার জন্য ট্রাম্পের হাতে আর কোনো শক্তিশালী ‘হাতিয়ার’ বা চাপ দেওয়ার মতো সুযোগ থাকবে না। ফলে ইরান তাদের পারমাণবিক লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে পাকিস্তান সফর শেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার সেন্ট পিটাসবার্গ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় আরাঘচির সফর এবং ওয়াশিংটনকে ইরানের নতুন শর্ত যুদ্ধবিরতি বা শান্তি আলোচনায় নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top