কাশ্মিরে বিজেপির পরাজয়

বরিশাল জার্নাল ডেস্ক

ভারতের দুই রাজ্য হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যাচ্ছে, হরিয়ানায় বুথফেরত জরিপকে উল্টে দিয়ে জয় পেলেও জম্মু-কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। মুসলিম প্রধান এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স।

ভারত সরকার যখন কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করেছিলো, তখন সবচেয়ে জোরালো প্রতিবাদ করেছিল ন্যাশনাল কনফারেন্স। জনগন নির্বাচনে তাদের কেই বিজয়ী করলো।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, জম্মু-কাশ্মীরের বিধানসভার ৯০টি আসনের মধ্যে ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ৪২টি আসন জিতেছে। বিজেপি পেয়েছে ২৮টি আসন এবং গান্ধী পরিবারের নেতৃত্বধীন ন্যাশনাল কংগ্রেস জিতেছে ৮টি আসনে। বাকি ১২টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্রসহ অন্যান্য দল।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪৬টি আসনে ফারুক আবদুল্লাহর দল এককভাবে জয়লাভ করতে না পারলেও, কংগ্রেসের সঙ্গে মিলে জোট সরকার গঠন করতে কোনো সমস্যা হবে না। কারণ, দল দুইটি জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছে এবং উভয় দলই বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক।

অন্যদিকে, হরিয়ানার নির্বাচনে ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৮টি আসনে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৬টি আসন। কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন এবং বাকি ৫টি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল। বুথফেরত জরিপ কংগ্রেসকে কিছুটা আশা দেখালেও, শেষ পর্যন্ত ভোটাররা বিজেপির ওপর আস্থা রেখেছেন।

হরিয়ানায় গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। তবে ২০২১ সালের কৃষক আন্দোলনের সময় দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এবারের নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সংশয় ছিল, যা ফলাফল প্রকাশের পর দূর হয়েছে।

জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের জয়কে অনেক বিশ্লেষক ‘মহাকাব্যিক’ বলে অভিহিত করেছেন। কারণ, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করা হয়। সেই সময় দলটি ব্যাপকভাবে এই পদক্ষেপের প্রতিবাদ করেছিল। দলটির অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন। এই পরিস্থিতির পর দলটির এই জয়কে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top