বরিশাল জার্নাল ডেস্ক
নতুন একটি বিশাল আয়তনের মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মাটির নিচে গড়ে তোলা এই ঘাঁটিতে রয়েছে বড় ধরণের টানেল ও চলাচলের পথ। টানেলগুলো এতই বড় যে অনায়াসে তাতে ট্রাক চলতে পারে।
ঘাঁটির ভেতর সাজানো রয়েছে হাজার হাজার মিসাইল। আল মায়েদিনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভিডিওতে ভূগর্ভস্ত এই মিসাইল ঘাঁটির ভিডিও দেখানো হয়। রিপোর্টে বলা হয়েছে, ওই ঘাঁটিতে প্রচুর সংখ্যক মিসাইল রয়েছে। যার মধ্যে আছে খেইবারশেকান, সেজ্জিল, ইমাদ ও হাজি কাশেমের মতো শক্তিশালী ও আধুনিক মিসাইল।
ঘাঁটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাম মেজর জেনারেল মোহাম্মাদ হোসেনই বাঘেরি ও বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। ভিডিওতে দেখা যায় দুই কর্মকর্তার একটি ট্রাকের ওপর চড়ে ঘাঁটি পরিদর্শন করছেন। এসময় রাস্তার দুই পাশে প্রচুর মিসাইল সজ্জিত রাখ দেখতে পাওয়া যায়।
আল মায়েদিন জানিয়েছে, ঘাঁটি পরিদর্শনের সময় জেনারেল বাঘেরি ইরানের মিসাইল সামর্থ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আত্মরক্ষার সামর্থ বৃদ্ধিতেও তেহরানের সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান। জেনারেল বাঘেরি বলেন, আমাদের মিসাইল সক্ষমতার উন্নতি হচ্ছে দ্রুতগতিতে। এবং পাশাপাশি আমরা প্রতিরক্ষা সক্ষমতাও জোরালো করবো।
তিনি জানান, গত বছর অক্টোবরে ইসরাইলে মিসাইল হামলার সময় ইরানের সামর্থ যতটা ছিলো তার থেকে উন্নত করতে দ্রুত কাজ চলছে। ইতোমধ্যেই বেশ কিছু খাতে সফলতা এসেছে। ‘অপারেশন ট্রু প্রমিজ টু’ নাম দিয়ে গত বছর ইসরাইলের দুটি বিমান ঘাঁটিাতে হামলা চালিয়েছিলো ইরানের সশস্ত্র বাহিনীর অ্যারোস্পেস ফোর্স।




