হামাসপ্রধানকে নিয়ে ইসরাইলের নতুন শর্ত

বরিশাল জার্নাল ডেস্ক

শর্ত সাপেক্ষে হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সঙ্গী হিসেবে কাউকে নিতে চান, তাকেও ছাড় দেওয়া হবে।

সেই শর্ত হলো- এখনও হামাসের কব্জায় এখনও যত ইসরায়েলি জিম্মি রয়েছেন, তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি ও নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ।

সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেন, “আমরা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান, সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত।”

এ সময় সিনওয়ারকে বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন ওই ইসরাইলি কর্মকর্তা।

হির্শ আরও জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরয়েলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে হামাস ওইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিকদের একজন সিএনএনকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ারের এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন, অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ।

গত ৭ অক্টোবরের হামলায় যাদেরকে জিম্মি হিসেবে ধরে এনেছিল হামাস যোদ্ধারা, তাদের মধ্যে এখনও অন্তত ১০১ জন জিম্মি তাদের কব্জায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top