মার্কিন রণতরীতে হুথি হামলা

বরিশাল জার্নাল ডেস্ক : লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহনী রণতরী ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করেছে ইয়েমেনের হুথি আনসারআল্লাহ গ্রুপ। সংগঠনটি জানিয়েছে, ইয়েমেনে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধজাহাজটি। আনসারআল্লাহ বলেছে, গাজার মানুষের প্রতি সংহতি ও পবিত্র যুদ্ধের অংশ হিসেবে মার্কিন নৌ বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
হুথি সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ একটি অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ও মিসাইল ফোর্স উত্তর লোহিত সাগরে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হ্যারি ট্রুমানের ওপর হামলা চালিয়েছে। হামলায় দুটি ক্রুজ মিসাইল ও চারটি ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছে গোষ্ঠিটি।
এছাড়া হুথি আনসারআল্লাহর ড্রোন ফোর্স এদিন ইসরাইলের ইয়াফা ও আশকালান শহরে হামলা চালিয়েছে। হামলায় আত্মঘাতি ড্রোন ব্যবহার করা হয়। ইয়াফায় ইসরাইলি বাহিনীর একটি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয় বলে জানিয়েছে হুথিরা।

এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা প্রায় নিয়মিতই এ ধরণের হামলা চালায়।

এদিকে, গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলোও তাদের লড়াই অব্যাহত রেখেছে। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকের সিফতাবি স্টেশন এলাকায় উচ্চমাত্রার বিস্ফোরক দিয়ে দুটি মারকাভা ট্যাংকের ওপর হামলা চালিয়েছে।

উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা এনভেলপ এলাকার সেদরত বসতিতে রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। উত্তর গাজায় ইসরাইলি সামরিক যান মোতায়েন রয়েছে এমন একটি এলাকার কাছ থেকে এই হামলাগুলো চালানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার গাজা থেকে আসা তিনটি রকেট চিহ্নিত করেছে। রকেটগুলো ইসরাইলি বসতিতে পৌছেছে। এর মধ্যে একটি মিসাইল ইসরাইল প্রতিহত করেছে। আরেকটি রকেট সেদরত বসতিতে আঘাত হেনেছে এবং তৃতীয় রকেটটি খোলা জায়গায় পড়ে।

ইসরাইল হায়োম জানিয়েছে, রকেট হামলা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আবারো বসতির শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top