বাংলাদেশের পতাকা ছিড়লেন বিজেপি নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

বিজেপি নেতা ও ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেছেন। যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন। এ সময় মঞ্চে তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। এছাড়া ভারতের মুসলিম জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে সেটি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তেলেঙ্গানার হায়দরাবাদের গোশামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করেছেন, ‘যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে, সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে।’

রাজা টি সিং বলেন, ‘আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম। তিনি বলেছেন, গোয়ায় মুসলিম জনসংখ্যা ১০-১৫ বছর আগে ৩ শতাংশ ছিল। এখন বেড়ে ১২ শতাংশে পৌঁছেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা ও চিন্তা করা উচিত…।’

রাজা সিং আরও দাবি করেন, ‘আগামী ২০-২৫ বছর যদি ভারতীয় হিন্দুরা “হাম দো হামারে দো”- নীতি অনুসরণ করে, তাহলে তারা পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের এমপি সংখ্যা ৩০০ হয়ে যায়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী তাদের থেকেই হবে।

তিনি আরো বলেন, যেসব দেশে মুসলিমদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেখানে হিন্দুদের কী অবস্থা হয়েছে… ইতিহাস তার সাক্ষী।’
বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিংয়ের গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল এবং তাঁকে ‘বিতর্কিত ব্যক্তি, যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উসকানির ইতিহাস রয়েছে’ বলে অভিহিত করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top