আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে প্রাথমিকভাবে ৮ পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতের ভূখণ্ডে। এছাড়া পাকিস্তানে হামলা চালানো ভারতের ৫টি যুদ্ধবিমন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনারা। সেই সাথে ভূপাতিত করা হয়েছে বেশ কিছু ড্রোন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানে মোট ৯টি টার্গেটে সম্মিলিত হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। অপারেশন সিন্দুর নামের ওই হামলায় মুজাফফরাবাদ, শিয়ালকোট, ভাওয়ালপুর প্রভৃতি এলাকায় হামলা চালানো হয়েছে। ভারতীয়দের দাবি, এসব সন্ত্রাসী আস্তানা থেকেই অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলার ষড়যন্ত্র করা হয়েছিলো।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের খবরে বলা হয়, পাল্টা আঘাতে ভারতের ৫টি ফাইটার জেট ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বিমানগুলো অধিকৃত কাশ্মিরের আকাশে টহল দিচ্ছিল।
এদিন রাত একটার কিছু পর হঠাতৎ করেই ভারতীয় বাহিনী হামলা শুরু হয়। তাৎক্ষণিক এর জবাব দিতে শুরু করে পাকিস্তানের সেনারা। ভারতের মাটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়ে ভারতীয় সেনাদের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে কামান ও মর্টার হামলা চালাতে থাকে তারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মিরে পাকিস্তানের গোলার আঘাতে তিনজন নিহত হয়েছে।
রাত তিনটার দিকে পাকিস্তানের তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার শুরুতে দুটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথা জানান। এরপর একে একে আরো তিনটি বিমান ও কিছু ড্রোন ধ্বংসের তথ্য আসতে থাকে। আইএসপিআরের বরাত দিয়ে দ্য নিউজ জানায়, ধ্বংস হওয়া ভারতীয় বিমানের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফালে, একটি রাশিয়ার তৈরি এসইউ-৩০ ও একটি মিগ-২৯ যুদ্ধবিমান।
এছাড়া কাশ্মির সীমান্তের ভারতীয় অংশে সেনাদের খালি করা একটি পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানের বাহিনী।
ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি।
পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মোট ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় যুদ্ধবিমান। সবগুলো টার্গেটই ছিলো বেসামরিক এবং বেশিরভাগই মসজিদ। এছাড় আশপাশের কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।
সকাল সাতটায় মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রী দাবি করেন, নিয়ন্ত্রণ রেখায় পরাজয় মেনে নিয়ে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে।
পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। যে কোন মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছিলেন সামরিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে সেই যুদ্ধের সূচনা করে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত এদিনের হামলা ও পাল্টা হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।




