বরিশাল জার্নাল ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন আলোচিত ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক। দ্য ডনের খবরে বলা হয়েছে, বৈঠকের পর জাকির নায়েকের ভূয়শী প্রশংসা করে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শাহবাজ শরিফ বলেন, জাকির নায়েক যেভাব বিশ্বব্যাপী ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরছেন তাতে পুরো মুসলিম বিশ্ব গর্বিত। এটি অবশ্যই উল্লেখযোগ্য যে, যুবকদের বেশিরভাগই তার বক্তৃতার ভক্ত।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন জাকির নায়েক। এতে লিখেছেন, “ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা হলো।”
পাকিস্তান সরকারের আমন্ত্রণে গত সোমবার দেশটিতে যান জাকির নায়েক। ইসলামাবাদ, করাচি এবং লাহোরে তিনি একাধিক অনুষ্ঠানে বক্তৃতা করবেন।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে গিয়েছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার, এ সফরে তার সঙ্গে এসেছেন। এছাড়া সঙ্গী হিসেবে আছেন তার গবেষণা টিমের কয়েকজন সদস্য।
জাকির নায়েকের আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর-রহমানসহ কয়েকজন উচ্চপদস্থ আমলা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জাকির নায়েক একজন ভারতীয় নাগরিক। কিন্তু কথিত অর্থপাচারের মামলার পর তিনি নিজ দেশ থেকে চলে যান। তার গবেষণা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয় ভারত সরকার। অভিযোগ রয়েছে, ইসলাম ধর্ম প্রচার করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে ভারত সরকার।




