আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। তার এমন হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি তাদের ‘পরীক্ষা’ করতে চায় তাহলে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত আছে। খবর আল জাজিরার।
সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, চলমান অস্থিরতার মধ্যে যুক্তরােষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, তার দেশ ‘সকল বিকল্পের জন্য প্রস্তুত’। তিনি দাবি করেছেন যে গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের এখন ‘বড় এবং ব্যাপক সামরিক প্রস্তুতি’ রয়েছে।
সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনীর হস্তক্ষেপে ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের নির্দেশ দেওয়া ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে বৈঠকের আগে যা ঘটছে তার কারণে পদক্ষেপ নিতে হতে পারে বলেও হুমকি দিয়েছেন তিনি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটন আগে যে সামরিক বিকল্প পরীক্ষা করেছে তেমন কিছু করতে চাইলে আমরা প্রস্তুত আছি।




