আবারো তেলআবিবে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। শুক্রবার সন্ধ্যায় নগরীর উত্তর এলাকায় লেবানন থেকে আসা দুটি আত্মঘাতি ড্রোন একটি ভবনে আঘাত হেনেছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে আল মায়েদিনের খবরে বলা হয়েছে, হামলার ফলে ভবনটিতে আগুন ধরে গেছে এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ইসরাইলের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন প্রবেশ করার পরই হার্জলিয়া নামের এলাকাটিতে সাইরেন বেজে ওঠে। যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে তেল আবিবের হার্জলিয়া এলাকায় কখনো হিজবুল্লাহর ড্রোন পৌছায়নি। ইসরাইলি গণমাধ্যম বলছে, এটিই এ যাবতকালে সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরত্বে প্রথমবারের মতো লেবানিজ ড্রোন হামলা।
শুরুতে কিছু গণমাধ্যমে ইরাক বা ইয়েমেন থেকে ড্রোন হামলার কথা বলা হলেও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ড্রোনটি এসেছে লেবানন থেকে। হামলার পর হার্জলিয়া কর্তৃপক্ষ বাসিন্দাদের শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। নগরীর অন্য এলাকাগুলো থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
একই দিন সীমান্তে ২০ ইসরাইল সেনা আহত হওয়ার কথা জানা গেছে। লেবাননে প্রবেশ করতে গেলে হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা আক্রমণে এই সেনারা আহত হয়। ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় অন্তত ২২ জন সেনা আহত হেেয়ছে। সীমান্ত এলাকার জিভ মেডিকেল সেন্টার নামের একটি হাসপাতাল জানিয়েছে, তারা যুদ্ধাহত ৭ সেনাকে চিকিৎসা দিয়েছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আল জলিল উপত্যকায় হিজবুল্লাহর গোলায় আহত হয়েছে চার সেনা। এছাড়া এর আগের দিন চিকিৎসাধীন অবস্থায় এক সেনার মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই ইসরাইলি সেনারা লেবাননে প্রবেশের চেষ্টা করলেও হিজবুল্লাহ তাদের ঠেকিয়ে রেখেছে।
হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে সিরিজ রকেট হামলা চালিয়েছে। হামলার টার্গেট ছিলো সামরিক ঘাঁটি ও সেনা ছাউনি, অবৈধ ইহুদি বসতি ও অন্যান্য সামরিক স্থাপনা।
আল মায়েদিন জানিয়েছে, যোদ্ধারা ইফতা সেনা ব্যারাক ও আশপাশের এলাকায় রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আবদাব সেনা ঘাঁটি ও এর সরঞ্জামের ওপর গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে।
এদিকে, গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াইয়ে আরো তিন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরাইল। নিহতদের মধ্যে একজন মেজর ও দুজন মাস্টার সার্জেন্ট। তারা সবাই রিজার্ভ ফোর্সের সদস্য।
উত্তর গাজার জাবালিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে তারা নিহত হয়েছে। এছাড়াও গাজায় শুক্রবার একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংেেসর কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস।




