ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

বরিশাল জার্নাল ডেস্ক

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সমৃদ্ধ করা ইউরোনিয়াম নিতে চায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি চুক্তির অংশ হিসেবে এই আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ক্রেমলিন।

 

সোমবার (১৩ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবটি ওয়াশিংটন ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় তুলেছিলেন। প্রস্তাবটি এখনও বহাল আছে। তবে এ বিষয়ে এখনও কোনো বাস্তব অগ্রগতি হয়নি।

 

তিনি আরও বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম মীমাংসা প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মস্কো আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে বারবার ইরানের মজুত ভান্ডার সংরক্ষণের প্রস্তাব দিয়েছে।

 

পাশাপাশি ক্রেমলিন হরমুজ প্রণালি অবরোধ করার সাম্প্রতিক মার্কিন হুমকির সমালোচনা করে সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

 

রাশিয়ার এই নতুন উদ্যোগে এমন সময় সামনে এসেছে, যখন ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের দ্রুত অবসানের চুক্তির আশা করা হয়েছিল এই সংলাপে।

 

এদিকে ক্রেমলিন জানিয়েছে, পুতিন রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার প্রস্তুতি প্রকাশ করেছেন।

 

বিবৃতি অনুসারে, পুতিন সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে এবং মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতি তার অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন।

সূত্র: আলজাজিরা, এএফপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top