আবারও ট্রাম্পকে হত্যার চেষ্টা

বরিশাল জার্নাল ডেস্ক

আবারও ‘হত্যার চেষ্টার শিকার’ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ এলাকায় মাঠে গলফ খেলার সময় কাছেই গোলাগুলির ঘটনা ঘটে।

তবে ট্রাম্প নিরাপদে আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই জানিয়েছে, তারা এই ঘটনাটিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবেই বিবেচনা করছে এবং সেই অনুযায়ী এই ঘটনার তদন্ত করছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, রবিবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্পের গলফ ক্লাবের কাছে একজনকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখেই তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস। এতে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, সে কী উদ্দেশ্যে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি ঘোরাফেরা করছিলো, তা এখনও জানা যায়নি।

ট্রাম্প গলফ খেলার সময় এই ঘটনা ঘটে, তবে তিনি নিরাপদ আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন কর্মকর্তা জানিয়েছেন। ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, তারা এই ঘটনাকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীকে “হত্যা করার চেষ্টা হিসেবে” তদন্ত করছে।

অবশ্য গুলিবর্ষণের পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যায় তবে তাকে নিকটবর্তী আরেক কাউন্টি থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অফিসাররা আটক করেন। এছাড়া ট্রাম্পের গলফ কোর্সের কাছে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারদের একজন এবং তৃতীয় আরেক কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top