১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি

বরিশাল জার্নার ডেস্ক

এবার মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক নেতা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস এই হুমকি দিয়েছেন। তার এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস বলেন, ‘গতকালও আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। এখানে সংখ্যালঘু মুসলিম যারা আছি আমাদের জন্যই যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলি দিন ১৫ মিনিটের জন্য, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না।’’

তিনি আরো বলেন, যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কী আশা করতে পারি। ১৫ মিনিটের জন্য খুলে দিক বর্ডার, পুলিশ লাগবে না; আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ।

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনীতিকদের বিতর্কিত মন্তব্য থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধীদল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেকদিনই বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করছেন। এবার মমতার দলের জেলা পর্যায়ের এক মুসলিম নেতা বাংলাদেশ নিয়ে বিতর্কিত এসব মন্তব্য করেছেন।

একই দিনে মমতা বন্দোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের প্রতি আহ্বান জানান। বিতর্কিত এই আবদার জানিয়ে মমতা বলেন, কেন্দ্রকে অবশ্যই সহিংসতা-বিধ্বস্ত বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top