হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

বরিশাল জার্নাল ডেস্ক

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

 

শনিবার (২১ মার্চ) দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে বাধাহীন নৌ চলাচল নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুঁশিয়ারি দেন, তবে কোন স্থাপনাকে প্রথমে লক্ষ্যবস্তু করা হবে তা উল্লেখ করেননি। খবর আলজাজিরা

 

এ হুমকির পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের সেনাবাহিনী জানায়, তাদের জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানা হবে।

 

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর মধ্যে এই হুমকি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ধীরে ধীরে কমানোর বিষয়টি বিবেচনায় আছে এবং তারা তাদের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছেছে।

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে শান্তিকালে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। তবে চলমান সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

 

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ছাড়া অন্যদের জন্য প্রণালিটি খোলা রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কয়েকটি দেশ তাদের জাহাজ নিরাপদে চলাচলের অনুমতি চেয়েছে এবং কিছু জাহাজকে ইতোমধ্যে যেতে দেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের নৌযান লক্ষ্য করার সক্ষমতা দুর্বল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান উপকূলীয় একটি ভূগর্ভস্থ স্থাপনায় বড় ধরনের বোমা হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও রাডার ব্যবস্থা ধ্বংস করেছে বলেও জানান তিনি।

 

তবে হোয়াইট হাউসের বক্তব্য ও সামরিক বাহিনীর দাবির মধ্যে কিছুটা অমিল রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। একদিকে যুক্তরাষ্ট্র বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন করে কঠোর হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top