তেল আবিব বিমানবন্দরে হুথিদের জোড়া হামলা

বরিশাল জার্নাল ডেস্ক : আবারো ইসরাইলের প্রধান নগরী তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার বিমানবন্দরটি লক্ষ্য করে জোড়া মিসাইল হামলা চালানো হয়। হুথি আনসার আল্লাহ গ্রুপের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি মাঝারি পাল্লার জুলফিকার ব্যালেস্টিক মিসাইল এবং একটি প্যালেস্টাইন-টু হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে। হামলা দুটির লক্ষ্য অর্জিত হয়েছে বলে তিনি দাবি করেন।

আল মায়েদিনের খবরে বলা হয়েছে, সোমবার রাত আটটার দিকে ইসরাইলের মধ্যাঞ্চলীয় কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে নাগরিকদের মধ্যে আতঙ্ক শুরু হয়। তারা ভূগর্ভস্ত বম্ব শেল্টারে আশ্রয় নেয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। ৩০টির বেশি ছোট-বড় শহরে এদিন হামলার সতর্কতা জারি করা হয়।

নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো তেলআবিবের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালালো হুথি বিদ্রোহীরা। এসব হামলার কারণে কয়েকবার বিমান বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এছাড়া সোমবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের বহর লক্ষ্য করেও ড্রোন ও মিসাইল হামলা করা হয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান ও তার সঙ্গে থাকা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে কয়েক ঘণ্টা ধরে লড়াই চলে হুথি রকেট ফোর্সের। ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও একমুখী অ্যাটাক ড্রোন দিয়ে একের পর এক হামলা চালায় যোদ্ধারা। তবে মার্কিন বাহিনী দাবি করে তারা সবগুলো হামলা প্রতিহত করেছে।

এদিকে, উত্তর গাজা থেকেও ইসরাইলের ওপর রকেট হামলা করা হয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, সেদরত ও আশপাশের আবাসিক এলাকাগুলোতে সোমবার সন্ধ্যায় দুই দফা সাইরেন বেজে ওঠে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সফলভাবে হামলা মোকাবেলা করেছে। যে কারণে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top