মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় থানার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ আলী বিশ্বাস। বক্তব্য দেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, অধ্যাপক মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ, প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজন সম্পাদক নাছির পাটোয়ারী, ইমাম ইউসুফ ফরাজী, শিক্ষক জাকির হোসেন হাওলাদারসহ অনেকে।
বক্তারা বলেন, ভালো কাজ করলে শাস্তি আর খারাপ কাজ করলে পুরস্কার—এটা হতে দেওয়া হবে না। তারা অভিযোগ করেন, জনবান্ধব এ এসিল্যান্ডকে অল্প সময়ে কাদের স্বার্থে বদলি করা হয়েছে তা প্রশাসনের কাছে স্পষ্ট নয়। যদি রবিবার কর্মদিবসের মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।
পরে থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণ স্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।
উল্লেখ্য, মো. মেহেদী হাসান ২০২৪ সালের ২৪ জুলাই বোরহানউদ্দিনে যোগদান করেন। গত ২১ আগস্ট তাঁকে বরিশাল গৌরনদীতে বদলির আদেশ দেওয়া হয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন শ্রেণীর মানুষ বদলি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।




