মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী বোরহানউদ্দিন কামিল মাদরাসা। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘ একশো বছরেরও বেশি সময় ধরে দেশের দক্ষিণাঞ্চলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দাখিল থেকে কামিল স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত পাঠদান চালু থাকায় বর্তমানে এটি জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতি বছর প্রায় দুই হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে এবং বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে।
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির মূল ভবন এখন ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর দান ও মাদরাসার নিজস্ব অর্থায়নে সত্তর-আশির দশকে নির্মিত ভবনগুলো এখন প্রায় ভেঙে পড়ার উপক্রম। ভবনের ছাদে ফাটল, দেয়ালে চিড়, দরজা-জানালার ক্ষতি, এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ায় শিক্ষার্থীরা সবসময় আতঙ্কের মধ্যে ক্লাস করে। দুই বছর আগে ছাদের অংশ খসে পড়লে চারজন শিক্ষার্থী আহত হয়েছিল। কয়েকদিন আগেও প্লাস্টার খসে পড়ায় ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করি। নতুন ভবন ছাড়া এ অবস্থায় পড়াশোনা চালানো অসম্ভব। ফাজিল শ্রেণীর শিক্ষার্থী হাবিবুল্লাহর দাবি, শিক্ষকরা আন্তরিক হলেও ভগ্নদশা ভবনের কারণে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায় না।
মাদরাসার অধ্যক্ষ এবিএম আহমেদ উল্লাহ আনসারী জানান, রুম সংকটের কারণে মাঝে মাঝে মাদ্রাসার মসজিদে ক্লাস নিতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জেলা প্রশাসক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজ্ঞানাগার ভবন ও ছাত্রাবাসের জানালা-দরজা নষ্ট, দেয়ালের রং উঠে গেছে। আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব চরমভাবে অনুভূত হচ্ছে। আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত এ প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের সময় হাজারো মানুষকেও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার জানান, ভবনটি আর সংস্কারযোগ্য নয়, বরং নতুন ভবন নির্মাণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা রয়েছে। অনুমোদন সাপেক্ষে দ্রুত কাজ শুরু হবে।




