মাহমুদুল হাসান, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় মুড়ি ব্যবসায়ী ফিরোজ (২৮) এর কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই এবং মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ ইকবাল (৪৫), খায়রুল (২০) ও তামিম (১৬)। তারা সবাই স্থানীয় হেলাল গাজীর ছেলে। ইকবাল নিজেকে বানারীপাড়া চাখার ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করলেও তিনি পূর্বে জেলেদের চাল চুরির মামলায় পদ হারিয়েছিলেন।
ভিকটিম ফিরোজের অভিযোগ, শনিবার রাত ৮টার দিকে বানারীপাড়ার বড় চাউলাকাঠি ব্রিজের উপর দিয়ে বাড়ি ফেরার সময় ইকবাল, খায়রুল ও তামিম তাকে পিভিসি পাইপ দিয়ে মারধর করে আহত করে। এরপর তামিম তার কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যবহৃত স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।
ফিরোজ জানান, তিনি বাবার সাথে মুড়ির ব্যবসা করেন এবং সাপ্তাহিক কালেকশনের টাকা নিয়ে বাজার থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। ফিরোজ আরও অভিযোগ করেন, অভিযুক্ত ইকবাল তার মামার শ্যালক এবং অতীতে পারিবারিক দ্বন্দ্বে তার নানাকে মারধরের ঘটনায়ও জড়িত ছিলেন।
অন্যদিকে, অভিযুক্ত মোহাম্মদ ইকবাল দাবি করেছেন, ফিরোজসহ ৮-১০ জন বড় চাউলাকাঠি ব্রিজের উপর ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাদের উপর হামলা চালানো হয়। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি তিনি মিথ্যা বলে অভিহিত করেছেন।
পুলিশ এ ঘটনায় অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।




