মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাফর সিকদারের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাতদল পরিবারের সদস্যকে জিম্মি করে এবং ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে। ইউপি সদস্য মোঃ জাফর সিকদার জানান, শনিবার গভীর রাতে ৭/৮ জনের ডাকাতদল বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যকে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে ফেলে এবং তাঁর শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে ঘরের আলমারী ভেঙে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
তিনি আরো বলেন, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তাই কাউকে চিনতে পারেননি। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িতদের খোঁজে মাঠে নেমেছে এবং ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।




