মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা: বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, সকল দল ঐক্যবদ্ধ হলে ফ্যাসিবাদ আর আসতে পারবে না। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ভোলার মনপুরা উপজেলায় এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা শেখ পরিবারের লোকদেরকে বিদেশে পাঠিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বেইমানি করেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত আওয়ামী লীগকে বয়কট করা। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করে দুর্বল করতে চেয়েছিলো বিএনপিকে। আর সেই দুর্বল অবস্থাকে সবল করে রেখেছেন তারেক রহমান।
এদিন সকালে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজে অন্যায় রোধ হবে। সকল প্রকার অপশক্তি রোধ হবে। ফ্যাসিষ্ট হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলে ক্ষমতাচ্যুত করেছে ছাত্ররা। তাই শিশুদের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে।
এসময় তিনি বলেন, জাতির উন্নতি করতে হলে শিশুদের মেধা বিকাশে সুযোগ করে দিতে হবে। সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা যেতে পারে। বড়বড় শিল্প প্রতিষ্ঠান মালিকদের তাদের কর্পোরেট সিএসআর ফান্ডের একটি অংশ সরকারি সংস্থার মাধ্যমে পথ শিশুদের কল্যাণে ব্যয় করা যেতে পারে।
এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে এক কর্মী সভায় যোগ দেন তিনি। কর্মীসভা শেষে মনপুরার সর্বস্তরের মানুষের সাথে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় ও ইফতার বিতরণ করেন।
অনুৃষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সামস উদ্দিন বাচ্চু চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনোয়ারা বেগম মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোরশেদ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।




