চশমা রুবেল গ্রেফতার

বরিশাল জার্নাল ডেস্ক

মিরপুরে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. শামীম হাওলাদার হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেল ওরফে চশমা রুবেলকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ। বুধবার রাত সোয়া ৯টায় রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল রূপনগর থানা যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান আজ এসব তথ্য জানান।

পুলিশ জানায়, রাজধানীর রূপনগর এলাকায় মো. শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বিকেলে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলি শামীম হাওলাদারের বুকে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত শামীমকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামী রুবেলকে গ্রেফতার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top