বরিশাল জার্নাল ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসানকে রাখা হয়েছে দলে।
ঘরের মাটিতে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল কদিন আগে। তারপরই তাকে রাখা হলো দলে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।
আসন্ন সিরিজ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হচ্ছে ফিল সিমন্সের। মিরপুর টেস্ট শুরুর দিন পাঁচেক আগে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই ক্যারিবিয়ানকে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল-সবুজের দলের দায়িত্ব সামলাবেন তিনি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।




