টুডে নিউজ
সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানাকেন্দ্রিক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠায় শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিশীল করার চেষ্টা করছে একটি মহল। এ অবস্থায় তৈরি পোশাকশিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে আজ রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের যৌথ অভিযান শুরুর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ’র সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এ নিয়ে ওইসব এলাকায় অস্থিরতা বিরাজ করছে। আন্দোলন ছড়িয়ে পড়ে নরসিংদী ও নারায়ণগঞ্জেও। রোববার বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এ পরিপ্রেক্ষিত বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের আজ রাতের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। এছাড়া অর্থনীতির চাকা সচল রাখতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে সব কারখানা চালু রাখতে মালিকদের অনুরোধ করেন।




