রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

বরিশাল জার্নাল ডেস্ক

রাজধানীর মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরে যাত্রীবাহী বাস এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে ও সন্ধ্যার পর এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ইতিহাস বাসে আগুনের খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে বাসটির সিট ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রায় একই সময়ে মিরপুর প্রশিকার মোড়ে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের তথ্য জানা গেছে। এছাড়া, গাবতলী সাভার রোডে আরেকটি বাসেও ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা।

এর আগে এদিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top