বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কিশোরগঞ্জের চন্দন

বরিশাল জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এই পুনর্নির্বাচনের খবরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জন্মস্থান বাজিতপুরের মানুষের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।

শেখ মুজাহিদুর রহমান চন্দন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। তার বাবা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ মুজাহিদুর রহমান চন্দন। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

জানা গেছে, ২০১৮ সালে প্রথমবারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর থেকে তিনি স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন।

শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় আমার চাচাকে নিয়ে আমার পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এই জয় অর্জন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। তিনি এই কঠিন কাজটি সফলভাবে করে আসছেন, যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার জন্য পরিবার ও পুরো এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে তিনি আরও বড় ও উচ্চ পদে উন্নীত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন।’

স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন বলেন, ‘আমাদের বাজিতপুরের সন্তান শেখ রহমান আবারও আমেরিকার সিনেটর নির্বাচিত হয়েছেন, এ খবর শুনে খুব ভালো লাগছে। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বিশেষ করে আমাদের এলাকার নাম উজ্জ্বল করছেন। তার এই অর্জনে আমরা গর্বিত। এলাকার মানুষ তার সাফল্যে আনন্দিত। আমরা চাই, তিনি ভবিষ্যতেও এভাবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখুন। এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনিও আমাদের খোঁজখবর নেন।’

জর্জিয়া স্টেট সিনেটের নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, ৫ নম্বর আসনে সাধারণ নির্বাচনে শেখ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রাথমিক ফলাফলে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।

এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top