ঝলমলে রোদেও পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

বরিশাল জার্নাল ডেস্ক

ক্যালেন্ডারের পাতায় আজ ১২ই কার্তিক। ঋতু বৈচিত্র্যে এখন চলছে হেমন্তকাল। হেমন্তের সকালেই মেঘমুক্ত আকাশ আর ঝলমলে রোদের দেখা মিলেছে সূর্যোদয়ের পরপরই। সকাল থেকে ছিল রোদের প্রখরতা।
তবে সকাল থেকে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে সকাল থেকে অনুভূত হচ্ছে শীত। রোদে দাঁড়ালে গরম অনুভূতি আর ছায়াতে দাঁড়ালে শীতের আবহ। এমনই বিচিত্র আবহাওয়া অব্যাহত রয়েছে সীমান্তবর্তী এই জেলায়। যদিও পুরোপুরি শীতকাল আসতে আরও মাস খানেক সময় বাকি রয়েছে। এরই মাঝে উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। দিনের বেলা রোদের প্রখরতা তীব্র থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের অনুভূতি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বইতে থাকে হিমেল হাওয়া।
রাত যতই গভীর হয় ততই শীতের অনুভূতি বাড়তে থাকে। শীতের অনুভূতি থাকে সূর্যোদয় পর্যন্ত। বেলা উঠার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে দিনের তাপমাত্রা। আবার দিনভর থাকে সূর্যের প্রখর রোদ। এভাবেই যেন হেমন্তের দিনগুলো শুরু করেছে প্রকৃতি।
বেলা গড়িয়ে সন্ধ্যার পরে রাত যতই গভীর হতে থাকে জেলায় যেন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাতভর কুয়াশার পরে ভোরে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। তবে সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ার পরপরই কমতে থাকে কুয়াশার পরিমাণ।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
এদিকে, গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কৃষক তমিজ উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা অনেকটা বাড়ছে। সকাল বেলা কুয়াশা গত দুইদিন ধরে কমলেও ভালোই ঠান্ডা লাগছে। সকাল বেলা কৃষিকাজে গেলে হালকা শীতের কাপড় গায়ে দিতে হচ্ছে। তবে রোদ উঠলে আর রাখা যায় না।
বোদা উপজেলার ভ্যানচালক আজিমুল ইসলাম বলেন, সকাল বেলা যখন কৃষকের সবজি নিয়ে বাজারে আসি তখন ঠান্ডা বাতাসে শরীর শিহরে ওঠে। কিন্তু রোদে দাড়ালে আবার গরম লাগে। এমনই আবহাওয়া আমাদের এলাকায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, প্রতিবছরই পঞ্চগড়ে সবার আগে শীত আসে এবং সবার পরে শীত যায়। এবারও তাই হবে। তবে গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে শীত অনুভূত হচ্ছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে।

স্টার নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top