ইয়াবা-আইসের বড় চালানসহ পিরোজপুরে ৯ মামলার আসামি গ্রেফতার

‎জাকির ফরাজী, পিরোজপুর

পিরোজপুর শহরের একটি বসতঘরের শয়নকক্ষে মিলল ইয়াবা ও ভয়ংকর মাদক আইসের মজুত। পুলিশের বিশেষ অভিযানে সেখান থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধারের পাশাপাশি মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার মিরাজ শেখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নয়টি মামলার এজাহারভুক্ত আসামি।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

‎পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই ঘরে অভিযান চালায়। এ সময় মিরাজ শেখকে আটক করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়। অভিযানে এসআই কামরুল, এএসআই এফরান ও এএসআই আনিসসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

‎গ্রেপ্তার মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখ ও মৃত হাওয়া বিবির ছেলে। ‎রোববার সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

‎পুলিশ সুপার জানান, উদ্ধার করা ইয়াবা ও আইস বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা রয়েছে।

‎পুলিশের তথ্য অনুযায়ী, এসব মামলায় মিরাজ শেখকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top