রঘুনাথপুর গো-হাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনওর সঙ্গে বিএনপি নেতা ফারুক মৃধা

সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে ‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে এ অভিযান চালানো হয়।

রঘুনাথপুর গো-হাটের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল নিজেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। এ সময় তাঁর সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ সময় ১০টি ডাস্টবিন প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়।

ফারুক হোসেন মৃধা বলেন, আমার ১৩ নম্বর পাদ্রিশিবপুর ইউনিয়নকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা কাজ করে যাব। ইউনিয়নের যুবসমাজকে উদ্বুদ্ধ করে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে। রঘুনাথপুর গো-হাট থেকে শুরু হওয়া এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এ কাজে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। সবাই নিজ নিজ বাড়ি, হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (২৮ আগস্টও) ইউএনও মিলটন চন্দ্র পালকে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। ওই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রশংসা পায়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top