আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা

​আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

​বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের গৃহবধূ মুক্তা বেগম (৪৯)।
​মামলার প্রধান অভিযুক্তরা হলেন— ​আকাশ হাওলাদার (৩৫) ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।
​মামলার আরজি থেকে জানা যায়, ভুক্তভোগী মুক্তা বেগমের স্বামী দীর্ঘ তিন বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। তিনি বাড়িতে তাঁর আট বছরের নাবালিকা কন্যাকে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তারা গৃহবধূর বিরুদ্ধে অপপ্রচারসহ ক্ষতির ষড়যন্ত্র শুরু করে।

​গত ৯ আগস্ট বিকেলে দুপুরের খাবার শেষে গৃহবধূ ও তাঁর কন্যা ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামিরা ঘরের দরজায় কড়া নাড়লে তিনি পরিচয় জানতে চান। আকাশ হাওলাদার নিজেকে ‘পুলিশ’ পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার সাথে সাথে ১ ও ২ নম্বর আসামি জোরপূর্বক ঘরের ভিতর প্রবেশ করে।

আকাশ হাওলাদার গৃহবধূকে  ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

​ঘটনার পর ভুক্তভোগী আগৈলঝাড়া থানায় প্রতিকার চাইতে গেলেও পুলিশ তদন্তের নামে কালক্ষেপণ করতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে স্বজনদের পরামর্শে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশী দরখাস্ত দাখিল করেন।
​আদালত দরখাস্তটি আমলে নিয়ে ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top