সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আল আমিন জামে মসজিদ বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর নেতৃবৃন্দ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বাকেরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান। এ সময় বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ নিয়ে আলোচনা করেন। প্রফেসর নূর মোহাম্মদ বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।




