পিরোজপুরে ‎উন্নয়নকাজ পরিদর্শনে জেলা প্রশাসক, মান নিশ্চিতের নির্দেশনা

‎জাকির ফরাজী, পিরোজপুর

পিরোজপুর শহরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান, স্বচ্ছতা ও নির্ধারিত কারিগরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

‎বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিরোজপুর পৌরসভার বাস্তবায়নে শহরের পালপাড়া সড়কে রাস্তা ও ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপনকাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান, অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজের বাস্তবায়ন এবং সার্বিক গুণগত মান সরেজমিনে পর্যালোচনা করেন।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্ধারিত মান ও কারিগরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে টেকসই ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। ড্রেন নির্মাণে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নির্মাণকাজ চলাকালে জনসাধারণের চলাচলে যাতে অযথা দুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দেন।

‎এ ছাড়া পিরোজপুর শহরের সিগনেচার রোডের বর্ধিতাংশের ৩০০ মিটার এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নির্মিতব্য আরসিসি রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণকাজ শুরুর বিষয়টিও তদারকি করেন জেলা প্রশাসক।

‎তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শহরের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। একই সঙ্গে ফুটপাত নির্মাণের ফলে পথচারীদের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

‎জেলা প্রশাসক আরও বলেন, উন্নত সড়ক যোগাযোগ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত ফুটপাত ও সড়কবাতি একটি আধুনিক ও জনবান্ধব শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

‎পরিদর্শনকালে পিরোজপুর পৌরসভার প্রশাসক, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, সাংবাদিক, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top