বাবুগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আরিফুর রহমান শিমুল শিকদার।
বর্তমানে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ছাত্রনেতা। পাশাপাশি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য তিনি। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জনসম্পৃক্ত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
তাঁর ঘনিষ্ঠজনরা জানান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও শালীন রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পক্ষে তিনি। ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকাকে তিনি গুরুত্ব দিচ্ছেন।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য
শিমুল শিকদারের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর পিতা আব্দুস সালাম শিকদার ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সালাম শিকদার তিনবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তাঁর চাচা আব্দুর রশিদ শিকদারও দীর্ঘদিন রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক এই রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যকে ধারণ করেই শিমুল শিকদার এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তিনি বলেন, ইউনিয়নবাসীর প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। এ ছাড়া রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের নিরাপত্তা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং ইউনিয়নবাসীর সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা আমার লক্ষ্য
স্থানীয়দের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়িয়ে, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ সমান মর্যাদা ও অধিকার রক্ষা করার অঙ্গীকারের কথাও জানান তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণ মনে করছেন জনগণের প্রত্যাশা কতটা পূরণ হবে, তা নির্ভর করবে নির্বাচনী প্রক্রিয়া, ভোটারদের সিদ্ধান্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধির কার্যকর ভূমিকার ওপর। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততা, সততা, দক্ষতা, সেবার মানসিকতা ও জবাবদিহিতাই হবে জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
এক্ষেত্রে রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে শিমুল শিকদারের প্রার্থিতার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর প্রার্থিতা আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।




