বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা-তুলাতালা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জামায়াতে ইসলামী চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. জামাল হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ এবং জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ডা. মোক্তার হোসেন, সমাজসেবক মো. জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মীদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে চাঁদপাশা ইউনিয়নের আব্দুস সালাম আজাদীর বাড়ির সামনে থেকে সোহরাব হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, জামাল হাওলাদারের বাড়ি থেকে বটতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং আবুল কালাম খানের বাড়ি থেকে বটতলার মূল সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও দেশের উন্নয়নে জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা মানবসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।




