বাজেট অধিবেশনের জন্য জামায়াত এমপিদের প্রশিক্ষণ

বরিশাল জার্নাল ডেস্ক

বাজেটের ওপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আল ফালাহ মিলনায়তনে শুক্রবার শুরু হওয়া দুদিনব্যাপী এ কর্মশালা আজ শনিবার শেষ হয়। ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে দলটির কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগ।

কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য (এমপি) অংশগ্রহণ করেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের আগে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতি বিষয়ক জ্ঞান এবং সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

কর্মশালার বিভিন্ন সেশনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তাঁরা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

দুদিনব্যাপী এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশেষ সেশনগুলোতে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্যরা কীভাবে জাতীয় বাজেটের চুলচেরা বিশ্লেষণ করে সংসদে জনদাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top