মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মো. জোবায়ের (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জোবায়ের উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের নুর নবী ও শিউলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে জোবায়ের বাড়ি থেকে বের হয়ে বেড়িবাঁধের ওপর অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নদীর তীরে বাঁধা একটি নৌকায় উঠে বসে। পরে তাকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে নৌকা থেকে তেতুলিয়া নদীতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দিন ও রাত জুড়ে নদীতে ব্যাপক অনুসন্ধান চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে তেতুলিয়া নদীর খেয়াঘাট খালের মুখ এলাকায় ভাসমান অবস্থায় জোবায়েরের লাশ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা যায়, একই দিন সকাল ১১টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী তীরবর্তী এলাকায় শিশুদের চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।




