বরিশাল জার্নাল ডেস্ক
ফ্রান্সের অপেশাদার ফুটবলে ঘটে গেল এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা। মাঠের লড়াই রূপ নিল রণক্ষেত্রে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হলো খোদ পুলিশকে (জেন্ডারমারি)। সবশেষে রেফারি এক ম্যাচেই ২৪ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন, যা স্থানীয় ফুটবলের ইতিহাসে এক ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়েছে।
ফ্রান্সের মরবিহান অঞ্চলের দ্বিতীয় স্তরের লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আভেনির ডি গুইলি এবং ইন্ডিপেন্ডেন্ট ডি মরন। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর যখন রেফারি শেষ বাঁশি বাজান, ঠিক তখন থেকেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি দ্রুতই খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা গণপিটুনিতে রূপ নেয়।
বিশৃঙ্খলা চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল জেন্ডারমারি (ফরাসি পুলিশ) তলব করা হয়। পুলিশ পৌঁছানোর আগেই অবশ্য মারামারি কিছুটা থেমে এসেছিল।
এই নজিরবিহীন ঘটনার পর আঞ্চলিক ডিসিপ্লিনারি কমিটি জরুরি বৈঠক ডেকেছে। ধারণা করা হচ্ছে, উভয় ক্লাবের ওপরই কঠোর নিষেধাজ্ঞা এবং বড় অঙ্কের জরিমানা আরোপ করা হতে পারে। দেশ রূপান্তর




