নিজস্ব প্রতিবেদক
বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামী মিলন গাজী (৩২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিলন গাজী এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই পূর্ব বিরোধের জেরে মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় মিলন গাজীকে ২ নং আসামী করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিহত লিটু সিকদারের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।




