মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪টি ইউনিয়নের ৬টি পয়েন্টে নতুন ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশে এই লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপ-খাদ্য নিয়ন্ত্রক মোঃ রাসেল হাওলাদার, ওসি সিদ্দিকুর রহমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচিত ডিলাররা হলেন-
কুতুবা ইউনিয়ন: মোরশেদ জাহান চৌধুরী (মানিকারহাট দক্ষিণ মাতা), মোঃ কামরুজ্জামান (রানীগঞ্জ পোলগোড়া), দেউলা ইউনিয়ন: মোঃ জাকির হোসেন, কাঁচিয়া ইউনিয়ন: মোঃ শাহ আলম, পক্ষিয়া ইউনিয়ন: আব্দুর রহিম ফরাজি (নোয়াব মিয়ার হাট) ও ইকবাল হাসান হোল্লা (বোরহানগঞ্জ)।
মোট ১৪টি আবেদন জমার প্রেক্ষিতে এই লটারি সম্পন্ন হয়। ইউএনও রায়হান উজ্জামান বলেন, ৫ আগস্টের পর খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নিরপেক্ষভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
এই উন্মুক্ত লটারি কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনআস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।




