নিউইয়র্কে বন্দুক হামলা, বাংলাদেশিসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। আরও বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন। তিনি নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন। ওই পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম, বয়স ৩৬ বছর। তার মৃত্যু সম্পর্কে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, তিনি যেমন বেঁচেছেন, তেমনই বিদায় নিয়েছেন- একজন বীরের মতো মৃত্যু হয়েছে তার।
বিবিসি জানিয়েছে, হামলারকারী লাস ভেগাস থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। তার এই হামলার উদ্দেশ্য কী তা জানা যায়নি। ভবনের গেটেই সে পুলিশ অফিসার দিদারুলকে গুলি করে। এরপর উপরের কয়েকটি ফ্লোরে গিয়েও গুলি চালায়। এক পর্যায়ে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। যদিও তাঁর নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

এক্সে পোস্ট দিয়ে পুলিশ কমিশনার জেসিকা টিসচ লিখেন, দ্রুত ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন নারী নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি তখন পাশেই ছিলাম। বন্দুকধারী একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।’

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে।
ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top